পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তেঁতুলিয়ায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৫.৪, ময়মনসিংহে ১৩.০, চট্টগ্রামে ১৪.৯, সিলেটে ১৪.২, রাজশাহী ১২.২, রংপুরে ১৩.০, খুলনায় ১৪.৫ এবং বরিশালে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শনিবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।


