পাথেয় রিপোর্ট : পয়লা মে ২০১৮ রোববার ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসলামে মধ্যপন্থা শির্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করতে বিদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আল্লামা মাসঊদের সাথে সাক্ষাৎ করে এই প্রেসিডেন্সিয়াল আমন্ত্রণ জানান এবং আল্লামা মাসঊদও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে পাথেয়২৪ নিউজের সহকারী সম্পাদক যারওয়াতুদ্দীন সামনুন। তিনি জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে আগামী পয়লা মে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক স্কলারদের নিয়ে তিনদিনব্যাপী ইসলামে মধ্যপন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ জাকার্তার বোগো সিটিতে প্রেসিডেন্ট প্যালেসে পয়লা মে রোববার উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হবে এই সেমিনার। উক্ত সেমিনারে ইন্ডিয়া থেকে সাইয়্যেদ মাহমুদ মাদানী, পাকিস্তান থেকে মুফতি তকি উসমানী, সৌদিআরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বীন আব্দুল্লাহ আলে শায়েখসহ বিশ্বের নেতৃস্থানীয় ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সেমিনারে বাংলাদেশ থেকে আল্লামা মাসঊদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানা গেছে। এ ছাড়াও স্বনামধন্য ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরগণও উপস্থিত থাকার কথা রয়েছে।

সেমিনারের বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহর মেহেরবানী, দাওয়াত পেয়েছি। যাওয়ার ইচ্ছা আছে। মহান আল্লাহর ইচ্ছা হলে ইনশাআল্লাহ দ্বীনী এই সফরে যাবো।

গ্রন্থনা : নাঈম ইসলাম, সম্পাদনা : মাসউদুল কাদির


