আদালত প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।
রানার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে গতকাল রোববার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার রুল নিয়ে শুনানি শেষ হলে আদালত গতকাল রোববার রায়ের জন্য দিন রেখেছিল।
এদিন এমপি রানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও নুরুল ইসলাম সুজন; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।
পরে নজিবুর বলেন, রুল খারিজ করে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটির প্রতি তারিখে রানাকে বিচারিক আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ১৩ এপ্রিল বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রানাকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুলসহ তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনে ১৮ এপ্রিল চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে আবেদনটি আপিলের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
ওই দিন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আবেদনটির শুনানি চার মাসের জন্য মুলতবি ঘোষণা করে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেয়। এরপর জামিন স্থগিত নিয়ে আপিল বিভাগে কয়েক দফা শুনানি মুলতবি করা হয়।
সর্বশেষ গত ১৯ অক্টোবর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বেঞ্চ জামিনে স্থগিতাদেশ চলমান রেখে ৪ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ দেয়।


