পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের পশ্চিমতীরের জেনিনে হাসপাতালের সামনে এক চিকিৎসককে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আজ শুক্রবার সকালে জেনিনে অভিযানে ওই চিকিৎসকসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলিরা। এ নিয়ে চলতি বছর অন্তত ১৬০ ফিলিস্তিনিকে নিহত হলেন ইসরায়েলি সেনাদের হাতে। খবর আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এরমধ্যে জেনিন পাবলিক হাসপাতালের সামনে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন চিকিৎসক আবদুল্লাহ আল-আহমাদ। ৪০ বছরের এই চিকিৎসককে খুব কাছ থেকে কপালে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওয়াদেহ জানান, ইসরায়েলি সেনাদের হাতে নিহত আরেক ফিলিস্তিনির নাম মাতিন দাবায়া। শুক্রবার সকালেই ২০ বছরের যুবক মাতিনকে মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলিরা।
এদিকে জেনিনে সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ সময় একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি চালায় সেনারা। এতে অ্যাম্বুলেন্স ক্রু ও আশপাশে থাকা অন্তত ৫ জন আহত হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাদের অভিযান ও ফিলিস্তিনি নিহতের ঘটনা বেড়েছে। প্রায় প্রতিদিনই একাধিক ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করছে ইসরায়েলি সেনারা।
দুই সপ্তাহ আগে জেনিন শরণার্থী শিবির থেকে ইসরায়েলি বাহিনী মাহির নামে ১৭ বছরের এক কিশোরকে ধরে নিয়ে গিয়েছিল। পরে আহত অবস্থায় তাকে ইসরায়েলের হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ শুক্রবার মাহির মারা যান।
বৃহস্পতিবার রাতে হেবরনের এক শরণার্থী শিবিরে ওসামা আওয়াদী নামে এক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা। সম্প্রতি ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি বসতিস্থাপনকারী ইহুদিদের মধ্যেও উত্তেজনা বেড়েছে।


