পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনিরা দীর্ঘস্থায়ী ইসরায়েলি দখলদারিত্বের অধীনে জাহান্নামের মধ্যে বাস করছে। ৪ মার্চ, শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেছেন। খবর দ্য নিউ আরব।
গুতেরেস জানিয়েছেন, তিনি পশ্চিম তীরের হুওয়ারা শহরের পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। সেখানে ইসরায়েলি সহিংসতা ও উসকানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণ বর্তমানে অধিকৃত অঞ্চল এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভোগের মধ্যে দিনযাপন করছে। দীর্ঘস্থায়ী ইসরায়েলি দখলদারিত্বের অধীনে তারা জাহান্নামের মধ্যে বাস করছে। দখলকৃত এসব অঞ্চলে তারা কয়েক দশক ধরে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে।’
গত সপ্তাহে দুই ইসরায়েলি এবং একজন ইসরায়েলি-আমেরিকানকে হত্যা করে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দখলকৃত পশ্চিম তীরের শহর হুওয়ারাতে তাণ্ডব চালিয়েছে। তারা সেখানে বাড়িঘর এবং গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং সম্পত্তি ভাংচুর করেছে। ইসরায়েলিদের এ তাণ্ডবের কয়েকদিন পরেই গুতেরেস এই মন্তব্য করেন।
এদিকে সাক্ষাতকারে গুতেরেস জানিয়েছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির কোনো বিকল্প নেই। এর ফলে ফিলিস্তিনি জনগণ নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র পাবে। এছাড়া জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হওয়া উচিত বলে মত দেন তিনি।
১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চলগুলো দখল করে নেয়। দখলকৃত এসব অঞ্চলে অবৈধ বসতি স্থাপন করেছে ইসরায়েল। ইহুদী বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রেখেছে। চলতি বছরের মার্চ পর্যন্ত ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা কমপক্ষে ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।


