পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিদেশি পর্যটকদের জন্য আবারও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।
করোনভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার রোধে মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে কোয়ারেন্টাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে থাই কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, থাইল্যান্ডের “টেস্ট অ্যান্ড গো” ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্তের অর্থ হলো পর্যটকদের ৭ থেকে ১০ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে, পর্যটকদের অবাধে চলাচলের অনুমতিও তুলে নেওয়া হবে।
এর আগে, নভেম্বরে থাইল্যান্ড বিদেশি দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা তুলে নিয়েছিল। পরে, ওমিক্রন ভেরিয়েন্টের প্রথম স্থানীয় সংক্রমণের একদিন পরেই আবারও বাধ্যতামূলক কোয়েরেন্টাইন চালু করলো থাইল্যান্ড সরকার।
এক বিবৃতিতে দেশটির সরকারের মুখপাত্র রাচাদা ধানাদিরেক বলেন, “২১ ডিসেম্বরের পর ‘টেস্ট অ্যান্ড গো’-এর কোনো নতুন নিবন্ধন হবে না। শুধুমাত্র কোয়ারেন্টাইন বা ফুকেট স্যান্ডবক্স ব্যবস্থা চালু থাকবে।”
আরেক মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা বলেছেন, প্রায় ২ লাখ পর্যটক যারা আগেই “টেস্ট অ্যান্ড গো” এবং স্যান্ডবক্স প্রোগ্রামের জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারাই কোয়ারেন্টাইন ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন।
তিনি বলেন, এই ব্যবস্থা পর্যটকদের আসা বন্ধ করার জন্য নয় বরং সাময়িকভাবে আগমন স্থগিত করার জন্য।”
আগামী ৪ জানুয়ারি এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।


