পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাত্র কিছুদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিলো চীন। সেই বন্যার ধকল সামলে না ওঠতেই আবারও বন্যার কবলে পড়েছে দেশটি। দেশটির হুবেই প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে এই বন্যা। এ বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস দেখা দিয়েছে। যার কারণে ধসে পড়েছে শত শত বাড়িঘর। হতাহতের ঝুঁকি এড়াতে প্রায় ৬ হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে । এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশটির বিভিন্ন অঞ্চল। যার কারণে ঝুকিপূর্ণ এলাকায় রেড এলার্ট জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (১১ আগস্ট) থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো ৪ জন নিখোঁজ রয়েছে।
চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে বন্যাকবলিত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে ফায়ার ফাইটার কর্মী ছাড়াও পুলিশ ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। এ বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করছে চীনের আবহাওয়া দপ্তর।


