পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উপজেলার শহড়াবাড়ি ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি বিপৎসীমা নির্ধারন করা হয়েছে ১৬.৭০ সেন্টিমিটার। সেই হিসেবে শনিবার দুপুরের দিকে পানি বেড়ে ১৬.৮৫ সেন্টিমিটার সমতায় প্রবাহিত হচ্ছে। চলতি বছরের জুনের প্রথম থেকেই যমুনা নদীর পানি বাড়তে শুরু করে। গত ২৮ জুন বিপৎসীমা অতিক্রম করে। এরপর ৪ জুলাই থেকে আবার কমতে শুরু করে এবং ৬ জুলাই বিপৎসীমার নিচে নেমে যায় যমুনার পানি।
পরবর্তীতে ৯ জুলাইয়ের পর ফের বাড়তে থাকে এবং ১৩ জুলাই দ্বিতীয় দফায় বিপৎসীমা অতিক্রম করে। টানা ২৫ দিন বন্যা হওয়ার পর ৭ আগস্ট যমুনার পানি বিপৎসীমার নিচে নেমে যায়। এর মধ্যে কয়েক দফায় যমুনার পানি কমতে ও বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। গতকাল সন্ধ্যায় পয়েন্টে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে যমুনার পানি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার উপসহকারী প্রকৌশলী আসাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। তবে দুপুরের দিকে পানি স্থির হয়েছে। আর পানি বাড়ার আশঙ্কা নেই। দুই একদিনের মধ্যেই পানি বিপৎসীমার নীচে চলে আসতে পারে।
/এএ


