‘বঙ্গবন্ধু নয়, ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর ধোলাইপাড়ে ভাস্কর্য নিমার্ণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের ধর্মীয় অঙ্গন, ভার্স্কয নিমার্ণে বিরোধীতার বিষয়টি কেউ কেউ বঙ্গবন্ধুর বিরোধীতা বলে আখ্যায়িত করতে চাইছেন, কিন্তু আমাদের আন্দোলন বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, বরং তা ভার্স্কয ও মূর্তির বিরুদ্ধে বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, সরকার দলীয় বিভিন্ন সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে, কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার মাহফিল বন্ধ করা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমার নামে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এসবের তীব্র নিন্দা জানাই।
রাষ্ট্র বা সরকার বিরোধী কোন কর্মসূচি নেই আমাদের মন্তব্য করে তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ জাতির কল্যাণ কামনায় বিশ্বাসী। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধ রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমি বা আমার দল বর্তমানে কোন রাজনৈতিক জোটে নেই। কোন ষড়যন্ত্র বা আতাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র বা সরকার বিরোধী কোন কর্মসূচি নেই আমাদের।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন আজকে নতুন নয়, ২০০০ সালে এনিয়ে আন্দোলন হয়েছে, গ্রীক দেবী থেমিসের ভাস্কর্য নিমার্ণের সময়ও ভাস্কর্যের বিরোধিতা হয়েছিল। তিনি বলেন, সরকারের সাথে সংঘাত বা যুদ্ধে জড়ানো আমাদের কাজ নয়, রাষ্ট্রের জনগণ হিসেবে আমাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সে অধিকার ও ঈমানী দাবিতে আমরা এর বিরোধিতা করে যাবো ও আমাদের কথা বলে যাবো।
তিনি বলেন, শাইখুল হাদিস রহ. ও মরহুম চরমোনাই পীরের বিরুদ্ধে কটুক্তি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে একটি মহল। এর তীব্র নিন্দা জানাই।
সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা ইলিয়াস হামিদী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আতিক উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান প্রমূখ।


