পাথেয় রিপোর্ট : টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ও নতুন মন্ত্রিসভা গঠনের পর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান।
বুধবার বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে উপস্থিত হয়ে সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এ সময় বোন রেহানাকে সাথে নিয়ে বিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর বোন রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সাফল্য কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন।
এর পর, দুপুর ১টা ২০ মিনিটে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছায় মন্ত্রিপরিষদ বহনকারী বাস। দুপুর ১টা ৩৮ মিনিটে মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সাফল্য কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ-পরিবহন উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার উপস্থিত ছিলেন।
এ ছাড়া শেখ হেলাল এমপি, লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, শেখ জুয়েল এমপি, শেখ তন্ময় এমপি, তিন বাহিনীর প্রধানগণসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শেখ হাসিনা ও বোন রেহানা বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলে অংশ নেন।
সকল কর্মসূচি শেষ করে দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


