বজ্রপাতে নিহত বরযাত্রীদের লাশ চুরি ঠেকাতে কবর বাঁধাই

বজ্রপাতে নিহত বরযাত্রীদের লাশ চুরি ঠেকাতে কবর বাঁধাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের আলোচিত ঘটনায় নিহতদের লাশ চুরি ঠেকাতে রড সিমেন্ট দিয়ে কবর বাঁধাই করছে গ্রামবাসী। বজ্রপাতে কারও মৃত্যু হলে সেই মরদেহ মূল্যবান কোনো বস্তুতে পরিণত হয়, এমন ধারণা থেকে বজ্রপাতে নিহতদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই আশঙ্কা থেকেই গ্রামবাসীর এই উদ্যোগ।

গত বুধবার (৪ আগষ্ট) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাত হলে, সদর উপজেলার সূর্য নারায়নপুর গ্রামের ১৪ জন, চরবাগডাঙ্গার একজন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের আরও দুইজন মারা যায়। তাদের প্রত্যেকের কবর বাঁধাই করতে স্বেচ্ছায় এগিয়ে এসেছে গ্রামবাসী।

সূর্য নারায়নপুর গ্রামের আল মামুন চারদিন আগেই বিয়ে করেন শিবগঞ্জের দক্ষিণ পাকার সুমি খাতুনকে। বিয়ের তিনদিন পর, বুধবার কনের বাড়ি থেকে বর-কনে আনতে যাচ্ছিলো মামুনের বাবা-মা সহ নিকট আত্মীয় স্বজনরা। বেলা ১২টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পদ্মা পার হয়ে বরযাত্রীদের নৌকা শিবগঞ্জের পাঁকা নারায়ণপুর ঘাটে পৌঁছালে, শুরু হয় বজ্রপাত। ঘটনাস্থলেই বজ্রপাতে আল মামুনের পরিবারের ১৪ জনসহ ১৭ জনের মৃত্যু হয়।

নারায়নপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ১৩ নং ওয়ার্ড সদস্য আজিম হোসেন গণমাধ্যমে জানান, সরকারের অনুদানের পাশাপাশি লাশগুলোর চুরি ঠেকাতে কবরগুলো বাঁধাই করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *