বরগুনায় তিন্নি হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় তিন্নি হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরগুনার আমতলী উপজেলার গৃহবধূ লামিয়া আক্তার তিন্নির হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে আমতলী থানায় মামলা দায়ের করেন তিন্নির মা রহিমা বেগম।

মামলায় তিন্নির স্বামী মনিরুল ইসলাম, শাশুড়ি লাইলী বেগম, শ্বশুর হারুন খান এবং স্বামীর বড় ভাই আল-আমিনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, চলতি বছর মার্চে তিন্নির সঙ্গে বিয়ে হয় মনিরুল ইসলামের। বিয়ের পর থেকেই তিন্নির কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন শ্বশুর বাড়ির স্বজনরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিন্নির কাছে যৌতুকের টাকা চান তারা। এ সময় তিন্নি যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহত তিন্নির মা রাহিমা বেগম বলেন, ‘যৌতুকের জন্য আমার মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।’

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম বলেন, ‘তিন্নি হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলার এক নম্বর আসামি নিহত তিন্নির স্বামী মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Related Articles