বরিশালে অ্যাম্বুলেন্স কাভার্ডভ্যান সংঘর্ষ; নিহত ৬

বরিশালে অ্যাম্বুলেন্স কাভার্ডভ্যান সংঘর্ষ; নিহত ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বরিশালের উজিরপুরে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানা গেছে।

নিহত ৬ জন হলেন, ঝালকাঠী জেলার বাউকাঠী গ্রামের আরিফ হোসেন রাড়ি, তার ভাই তারেক হোসেন রাড়ি, বোন শিউলী বেগম, মা কহিনুর বেগম এবং এ্যাম্বুলেন্স চালক কুমিল্লার মো. আলমগীর। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ দিন বয়সী তামান্নার মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঝালকাঠীর বাড়ি ফিরছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান।

উজিরপুর মডেল থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, অ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। অ্যাম্বুলেন্সটিতে মৃতদেহ ও ৭ জন আরোহী ছিলেন। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভানের পেছনে থাকা যাত্রীবাহী এমএম পরিবহনের একটি বাস ওই কাভার্ডভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা ৬ আরোহী। একজন বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই অ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হচ্ছে।

অপরদিকে দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *