পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে পাথরবোঝাই একটি ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানাড়ীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি ব্রিজটি নির্মিত হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানাড়ীপাড়া ও স্বরুপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই ব্রিজ দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।


