‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে নিবন্ধন চাইলেন জামায়াত নেতারা

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ নামে নিবন্ধন চাইলেন জামায়াত নেতারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : “বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি” নামে নতুন একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে দলের জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হকের সই করা আবেদনপত্র জমা দেওয়া হয়।

নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে বলে আবেদনে দাবি করেছে দলটি। আবেদনের সঙ্গে ইসির শর্ত সংক্রান্ত যাবতীয় তথ্য সংযুক্তি আকারে দেওয়া হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গের সমন্বয়ে দলটি গঠিত হয়েছে। মো. কাজী নিজামুল হক জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্য। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বলেও তথ্য পাওয়া গেছে।

আর দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ডেমরা থানা জামায়াতের আমির। তবে আনোয়ারুল ইসলাম চান দাবি করেন, জামায়াতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বলেন, “নির্বাচন কমিশনের যত শর্ত আছে সবকিছু পূরণ করে আমরা আবেদনপত্র জমা দিয়েছি। আশা করি নির্বাচন কমিশনে নিবন্ধিত হবো এবং রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হবো। আমাদের সঙ্গে নতুন প্রজন্ম আছে। আমরা ইনশাআল্লাহ আরেকটু অরগানাইজড হয়ে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো।”

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে সম্পূর্ণ নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটি অন্য দলের সঙ্গে জড়িত নয়।”

২০১৮ সালের অক্টোবরে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ইসি। দলটির একাধিক শীর্ষ নেতা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত। তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *