নিজস্ব প্রতিবেদক : দুবাইয়ের পর এবার সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করার পর আগামী ১ অক্টোবর থেকে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। গত ৬ জুন ফ্লাইট বন্ধের তথ্য বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার ও ট্রাভেল এজেন্টদের চিঠি দিয়ে জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।
সেই চিঠিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ইতিহাদ ঢাকা থেকে নিজস্ব বিমানে ফ্লাইট পরিচালনা করবে না। তবে যারা আগে থেকেই ১ অক্টোবরের পরের ফ্লাইটের টিকিটি কেটেছেন তাদের ইতিহাদ তার পার্টনার এয়ারলাইন্স জেট এয়ারওয়েজের সঙ্গে কোড শেয়ারের মাধ্যমে গন্তব্য পৌঁছে দেবে। এছাড়া চলতি বছরের ৬ জুনের আগে যেসব যাত্রী ১ অক্টোবরের পরের ফ্লাইটে বুকিং করেছেন তারা জেট এয়ারওয়েজের মাধ্যমে মুম্বাই, দিল্লি বা কলকাতা হয়ে নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন। তবে যারা ঢাকা থেকে সরাসরি আবুধাবির ফ্লাইট বুকিং করেছেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাধ্যমে যেতে পারবেন।
কার্যক্রম গোটানো প্রসঙ্গে বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের সেলস ম্যানেজার শামিমুল ইসলাম জয় বলেন, তাদের কার্যক্রম কেন বন্ধ হচ্ছে হেড অফিস আমাদের জানায়নি। তবে কারণগুলোর মধ্যে জিএসএ একটি কারণ হতে পারে। তিনি আরো বলেন, এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে না। কোড শেয়ারের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে জেট এয়ারওয়েজ। কোনও চার্জ ছাড়াই কেউ চাইলে টিকিটি রিফান্ড করতে পারবেন।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স ফ্লাই দুবাই চলতি বছরে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। ১৪ জুন চট্টগ্রাম-দুবাই রুটে সর্বশেষ ফ্লাইট চালাবে ফ্লাই দুবাই। ২৫ মার্চ থেকে ঢাকা-দুবাই রুটের ফ্লাইট গুটিয়ে নেয় এয়ারলাইন্সটি। ৭ বছর ধরে বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করছিল তারা।
____________
patheo24/105


