বাংলাদেশে আসছেন বিশ্বের ছয় প্রভাবশালী আলেম

বাংলাদেশে আসছেন বিশ্বের ছয় প্রভাবশালী আলেম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে যোগ দিতে মুসলিম বিশ্বের ছয় প্রভাবশালী আলেম বাংলাদেশে আসছেন।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরির আমন্ত্রণে এই সফরে আসছেন তারা। আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন।

আসন্ন সম্মেলনে অংশ নেবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মক্কার মাওলানা ওমর হাফিজ মক্কি এবং মাওলানা আবদুর রউফ মক্কি।

উবাইদুল্লাহ কাসেমি জানান, সম্প্রতি পীর সাহেব মধুপুরি পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের বাসভবনে গিয়ে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পরবর্তীতে ভারতের চার আলেম এবং মক্কার দুই আলেমকেও আমন্ত্রণ জানানো হয়, যা তাঁরা গ্রহণ করেছেন।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এটি সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এবং কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পীর সাহেব মধুপুরি সকল ঈমানদার মুসলমানকে সম্মেলনে উপস্থিত থেকে খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণের অঙ্গীকারে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

Related Articles