পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে মুসলমান ও হিন্দুদের মধ্যে কয়েক দশক ধরে চলা মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ৪ জানুয়ারি শুরু হবে।
বাবরি মসজিদ মামলা বিষয়ে দেশটির সামাজিক গণতান্ত্রিক পার্টি (এসডিপিআই) বলেছে, এ ইস্যুটি ব্যবহার করে কিছু জাতীয়তাবাদী দল ভারতকে সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চাচ্ছে। আগামী ৪ জানুয়ারি বাবরি মসজিদ মামলার শুনানিকে স্বাগত জানিয়েছে এসডিপিআই। দলটির আশা-ওই দিন সুপ্রিমকোর্ট একটি বেঞ্চ গঠন করে শুনানির গতি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
এদিকে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রকাশ জাভরেকর বিজেপি দফতরে সাংবাদ সম্মেলন করে জানান, ‘সরকার চায় প্রতিদিন শুনানি হোক অযোধ্যা (বাবরি মসজিদ) মামলার।’ বিশ্ব হিন্দু পরিষদেরও একই দাবি। বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার অবশ্য বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ওপর খুব বেশি ভরসা নেই। ফলে তারা প্রতিদিন শুনানি শুরু করবে, এমনটা জোর গলায় বলতে পারছি না।’
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চাইছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হোক। প্রয়োজনে অর্ডিন্যান্স জারি বা পার্লামেন্টে বিল এনে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা হোক।
বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুপ্রিম কোর্ট যদি দৈনিক শুনানি করে তাহলে ১০ দিনের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় যা-ই হোক না কেন, দেশবাসী অযোধ্যায় রাম মন্দির দেখতে চায়।
লক্ষনৌতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বিজেপি-আরএসএসের যুবকর্মীদের সম্মেলনে রাম মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভের মুখে পড়েন। ক্ষুব্ধ তরুণরা স্লোগান দিয়ে বলেন, যারা মন্দির নির্মাণ করবে, ভোট তাদেরকেই দেওয়া হবে। রাজনাথ সিং এবং আদিত্যনাথকে আশ্বাস দিতে হয়, বিজেপিই মন্দির নির্মাণ করবে। আপনারা ধৈর্য ধরুন।
বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে বিবাদটা পুরনো। বহুদিন ধরেই অযোধ্যার এই রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে ভারতীয় হিন্দু-মুসলিমদের ভেতর একটা সমস্যা প্রকট হয়ে আছে। প্রায় যুগ পেরিয়ে গেলেও এর কোন সুরাহা হয়নি এখনো। মামলার পর পর মামলায় নানারকম শুনানি হলেও তা কোনরূপ ফল বয়ে আনেনি। তবে এ ক্ষেত্রে মুসলিমরা আদালতের সিদ্ধান্তকে মেনে নিলেও রক্ষণশীল হিন্দুরা আইনের ধারধারে না। তারা একরকম হুমকির মতোই বলছে, পৃথিবীর কোন শক্তিই অযোধ্যায় আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা থেকে রুখতে পারবে না।
এই সঙ্কটাবস্থায় মুসলমানরা আস্থা রেখেছে ভারতীয় আইনের উপর। আদালতের উপর তাদের বিশ্বাস শতভাগ। মুসলিম নেতারা তাদের সভাগুলোতে তাই বলছে। একই দিন (১৬ ডিসেম্বর) উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে ”অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল–বোর্ডের” একটি সভা অনুষ্ঠিত হয়। বাবরি মসজিদ নিয়ে মুসলিম নেতাদের ভাবনা ও করণীয় শীর্ষক এ সভা অনিুষ্ঠিত হয় ভারতের বিখ্যাত বিদ্যাপীঠ নদওয়াতুল উলামায়।
সেখানে সভা শেষে এক প্রেস কনফারেন্সে মুসলিম ল-বোর্ডের পক্ষ থেকে বলা হয় ,বাবরি মসজিদ ইস্যুতে তারা তাদের পূর্বের অবস্থানেই বহাল আছেন। এ বিষয়ে উচ্চ আদালত যা ফায়সালা দেবেন তারা তাই গ্রহণ করবে।
এসময় বাবরি মসজিদ একশন কমিটির চেয়ারম্যান এবং মুসলিম পার্সোনাল ল-বোর্ডের শুরা সদস্য জফরিয়াত জিলানি গণমাধ্যমকে বলেন, এই ইস্যুতে আদালতের সিদ্ধান্তকেই বোর্ড গ্রহণ করবে। বোর্ড আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আস্থাশীল।
রাম মন্দির ইস্যুতে কিছু উগ্র গোষ্ঠীর নানা সভা সেমিনার এবং হুমকি ধমকি বিষয়ে বোর্ডের চুপ থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোর্টের উপর আমাদের শতভাগ ভরসা আছে। আমাদের নিশ্চুপ অবস্থানই এসব লোকদের জবাব।


