পাথেয় রিপোর্ট : বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরকে ছেড়ে যাবে এটা আমার হিসেবে মেলে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জামায়াত ইসলামী বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের জোটগত বন্ধন ছেড়ে দিচ্ছে— সংবাদমাধ্যমের এমন খবরের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা আমার কাছে মনে হয় না। বিএনপি জামায়াতকে অথবা জামায়াত বিএনপিকে ছাড়বে, এটা হলেও কৌশলগত হতে পারে। কিন্তু, তারা আলাদা হচ্ছে, এটা আমার হিসাবে আসে না। তিনি বলেন, দুটি দলের চিন্তা-ভাবনা, তারা যে চেতনা ধারণ করে, সেক্ষেত্রে তারা অনেক কাছাকাছি। দুটিই সাম্প্রদায়িক দল। দুটির চেতনা একই। কোনোটা লিবারেল, কোনোটা এক্সটিম।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ সময় বিএনপির উপজেলা নির্বাচন বয়কট নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির মতো বড় দল অংশ না নিলে নির্বাচন ইনক্লুসিভ নিয়ে সংশয় থাকে, দেশে-বিদেশে প্রশ্ন ওঠে। স্থানীয় নির্বাচনে কে আসল, কে বয়কট করল, তা নিয়ে কারও মাথা ব্যথা নেই। আমাদেরও কোনো মাথা ব্যথা নেই।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকে দলীয় প্রতীকে না করে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। আমার ধারণা, অনেক জায়গায় বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে, দলগতভাবে বিএনপি আসলে ভালে, না আসলেও প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না।


