পাথেয় রিপোর্ট : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সরকার দাবী করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিনা উস্কানিতে মনোনয়ন ফরম নিতে আসা নেতাকর্মীদের ওপর সরকার পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
রিজভী আরো বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। বিএনপির নেতাকর্মী আহত করা হয়েছে।
১৪ নভেম্বর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের পরই তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেছেন।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে শান্ত হতে বলেছেন। আপনারা রাস্তা ছেড়ে ফুটপাতে বসে পড়ুন। এটা তারেক রহমানের নির্দেশ।
প্রসঙ্গত, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলছে। সংঘর্ষ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিএনপির নেতাকর্মীরা। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের আশায় ১৪ নভেমাবর বুধবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একপর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। বেলা ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষ বেধে যায়। কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পুলিশ মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। জানা যায়, এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিএনপি কর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের একজনকে আঞ্জুমানে মফিদুলের গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।
এদিকে কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মনোনয়নপ্রত্যাশী নেতারাও কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের আশায় ১৪ নভেমাবর বুধবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।


