বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণকে শাস্তি দেওয়ার নামান্তর

বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণকে শাস্তি দেওয়ার নামান্তর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাহী আদেশে আরও এক দফা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণকে শাস্তি দেওয়ার নামান্তর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম সরকার বলেন, মানুষের অসহনীয় জীবন-জীবিকাকে পাত্তা না দিয়ে সরকারের ভুল সিদ্ধান্তে গণদুর্ভোগ চরমে উঠেছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিখাতে সীমাহীন চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন জনগণের ওপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে। সরকারের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা না থাকায় তারা আমলা আর দাতা সংস্থার পরামর্শে যা খুশি তাই করে চলেছে। অনতিবিলম্বে বিদ্যুতের দামবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ যখন তখন দাম বাড়ানোর বিদ্যমান ধারা বন্ধ করতে হবে।

নেতৃদ্বয় বলেন, সরকারের নির্বাহী আদেশে ইউনিট প্রতি বিদ্যুতের দাম আবার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এ নিয়ে গত দুই মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মাত্র ২৮ দিনের মাথায় বিদ্যুতের দাম বৃদ্ধির গণদুর্ভোগ সৃষ্টিকারী এই হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে শিল্প, কৃষি, ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রেই নেতিবাচক অভিঘাত দেখা দিচ্ছে। জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার মানুষকে এভাবে কষ্ট দিতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *