বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালিয়ান বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলবার্তো রসো।

বুধবার (১৬ অক্টোবর) বিমান বাহিনী সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাতের সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আইএসপিআর জানায়, বুধবার (১৬ অক্টোবর) সকালে ইতালিয়ান বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় পরিদর্শন বইতেও তিনি স্বাক্ষর করেন।

এরআগে, বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছালে ইতালিয়ান বিমান বাহিনী প্রধানকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

বাংলাদেশে অবস্থানের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা সদর, নৌ সদর, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী ঘাঁটি বাশার, বিমান বাহিনী ঘাঁটিসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন ইতালিয়ান বিমান বাহিনী প্রধান।

উল্লেখ্য, ইতালিয়ান বিমান বাহিনী প্রধান ৩ সদস্যের প্রতিনিধি দলসহ ১৬ অক্টোবর ৩ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *