বিয়ে করলেই পাবে ৫ হাজার ৭০০ ডলার!

বিয়ে করলেই পাবে ৫ হাজার ৭০০ ডলার!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিয়ে করা মানেই ঘাড়ে নেমে আসা বিশাল এক বোঝার ভর। সংসার সামলানোর চিন্তায় এলোমেলাে অবস্থা মনের। সেখানে যদি বিয়ে করেই পেয়ে যান নগদ ৫ হাজার ৭০০ ডলার কেমন লাগবে বলেন তো!

এমনটাই ঘটছে জাপানে। দেশটিতে নববিবাহিত দম্পতিরা বাসাভাড়া ও অন্যান্য সাংসারিক ব্যয় মেটাতে পাচ্ছেন ৬ লাখ ইয়েন বা ৫ হাজার ৭০০ ডলার। দেশটির কোনো শহরে বসবাসকারী নারী ও পুরুষ যদি আগামী এপ্রিল থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে এ সুযোগের জন্য বিবেচিত হবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সরকারি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।

জাপানের কর্মজীবী মানুষদের দেরিতে বিয়ে করা কিংবা একেবারেই বিয়ে না করার প্রবণতার কারণে দেশটির জন্মহার অত্যন্ত কম। কর্মজীবী তরুণ-তরুণীদের বিয়েতে উৎসাহিত করতে নববিবাহিত দম্পতিদের এই বিশেষ সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরো অধিক দম্পতিকে এ সুযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছে কেবিনেট অফিসের কয়েকটি সূত্র।

অবশ্য সরকারি এ সহযোগিতার জন্য বিবেচিত হতে হলে স্বামী ও স্ত্রী উভয়কেই বিয়ের সময় ৪০ বছরের নিচে থাকতে হবে এবং ৩৫ বছরোর্ধ্ব দম্পতিদের সম্মিলিত আয় ৫৪ লাখ ইয়েনের নিচে থাকতে হবে। এর চেয়ে কম বয়সীদের সম্মিলিত বার্ষিক আয় ৪৮ লাখ ইয়েনের কম হলে এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

সূত্রগুলো বলছে, গত জুলাই নাগাদ ২৮১টি পৌরসভা বা জাপানের মাত্র ১৫ শতাংশ মহানগরী, শহর ও গ্রাম এ কর্মসূচি গ্রহণ করেছে। ২০২১ অর্থবছরে দুই-তৃতীয়াংশের ব্যয়ভার বহন করবে কেন্দ্র সরকার।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *