বুড়িগঙ্গায় নৌকাডুবি : শিশুসহ ২ লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবি : শিশুসহ ২ লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার কামরাঙ্গীরচরের হুজুর ঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে এক নারী ও একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।

সোমবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল সোয়া ৯টার দিকে হুজুর ঘাটে নৌকাডুবির খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেছে। এছাড়া শীতল (২৭) ও শফিকুল (৭) নামে আরো দুজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। এ জন্য উদ্ধারকাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।

জানা গেছে, সোমবার সকালে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে ১১ জন যাত্রী নিয়ে নৌকাটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন তীরে উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *