‘বেনাপোল এক্সপ্রেস’ চলবে ২ ডিসেম্বর থেকে

‘বেনাপোল এক্সপ্রেস’ চলবে ২ ডিসেম্বর থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফের সুদিন ফিরল বেনাপোল ও কলকাতাগামী যাত্রীদের জন্য। দেড় বছর পর ফের চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’। ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর-বেনাপোলের একমাত্র সরকারি ট্রেনের চাকা গড়াবে। ফলে ফের বেনাপোলসহ কলকাতাগামী অসংখ্য যাত্রীদের অনেকটাই মিলবে স্বস্তি। বর্তমানে প্রতিদিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করছেন দেড় হাজার যাত্রীরও বেশি। তাঁদের মধ্যে ৯০ শতাংশ যান চিকিৎসার কারণে। ট্রেনের সুবিধা না থাকার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে তাদের।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ২ ডিসেম্বর থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চলবে বলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনার আগে প্রতিদিন ঢাকাসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫-৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করতেন। করোনা ভাইরাসের কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারত যাতায়াতকারী বিশেষ করে অসুস্থ যাত্রীদের। বেশ কিছু দিন আগে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চালুর দাবি করা হয়।

বেনাপোল থেকে ঢাকায় বাস বা অন্যান্য পরিবহণে ১৮-২০ ঘণ্টা সময় লাগে। সেখানে মাত্র ৭ ঘণ্টায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ঢাকায় পৌঁছে দেয়। মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। ফলে কলকাতা বা ভারতে চিকিৎসার কারণে যে সমস্ত যাত্রীরা যাতায়াত করেন, তাদের কিছুটা হলেও স্বস্তিতে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *