পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (২০ জানুয়ারি) কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করা হয়। শহরের মেড্ডা থেকে কাউতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই কর্মসূচি হয়েছে।
কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণার দাবি ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসাছাত্রদের উপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন হয়।
মানববন্ধনকালে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ সতর্কতা। মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
প্রেসক্লাবের সামনে মানবন্ধনকারীদের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোবারকউল্লাহ, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুর রহিম কাশেমী, হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, এনামুল হাসান, কেফায়েত উল্লাহ, জেলা জামে মসজিদের খতিব বেলায়েত উল্লাহ, মারুফ কাশেমী, নোমান হাবিবি, আব্দুল হক, জয়নাল আবেদীন, বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শহরের কান্দিপাড়ায় খতমে নবুয়্যত নামে একটি মাদ্রাসা কাদিয়ানিদের দখল চেষ্টার অভিযোগে কওমি ও কাদিয়ানিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন।


