ভারতের অভ্যন্তরেও বিমানে চড়তে পাসপোর্ট লাগবে

ভারতের অভ্যন্তরেও বিমানে চড়তে পাসপোর্ট লাগবে

আন্তর্জাতিক ডেস্ক ●এবার ভারতের মধ্যে বিমান ধরতে গেলে আধার কার্ড বা পাসপোর্ট লাগতে পারে ভারতীয়দের। আগামী ২-৩ মাসের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যেতে পারে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে এ কথা জানা গেছে। মন্ত্রণালয় জানাচ্ছে, যাত্রীদের অসভ্য আচরণ সম্পর্কিত একটি তালিকা তৈরি করছে তারা। তাতে চারটি পর্যায় থাকবে, প্রতিটি পর্যায়ে ঠিক করে দেওয়া হবে, নির্দিষ্ট কোনও অপরাধের জন্য একজন যাত্রীকে কতদিন বিমানে চড়তে দেওয়া যাবে না। আর যাত্রী পরিচিতির জন্য বিমানের টিকিট বুকিংয়ের সময় আধার বা পাসপোর্ট অত্যন্ত প্রয়োজন।

দুটির মধ্যে যে কোনও একটি হলেই চলবে। সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্ট বা সিএআর-এর এই খসড়া সম্ভবত আগামী সপ্তাহে প্রকাশ্যে আনা হবে জনসাধারণের জন্য, জানতে চাওয়া হবে মতামত। এ জন্য সময় দেওয়া হবে ৩০ দিন। অর্থাৎ জুন-জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সব কিছু। তবে শিবসেনার ‘চপ্পল’ সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে যেভাবে সপ্তাহ দুয়েক বসিয়ে রাখার পরেই বিমান চড়ার ছাড় দেওয়া হল, তাতে সমালোচনার মুখে পড়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কিন্তু মন্ত্রক সূত্রে খবর, যেভাবে দিল্লি পুলিশ গায়কোয়াড়ের বিরুদ্ধে তিন তিনটি অভিযোগ দায়ের হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে, তাতে তারা ক্ষুব্ধ।

তারা জানিয়েছে, বিমান পরিবহনে এমন কোনও নিয়ম নেই, যাতে কোনও একজনকে অনির্দিষ্টকালের জন্য বিমানে চড়তে না দেওয়া যায়। যেভাবে ২ সপ্তাহের জন্য গায়কোয়াড়কে বিমানে চড়তে দেওয়া হয়নি, তাও নজিরবিহীন। অসামরিক বিমান পরিবহন কোনও আইন সংক্রান্ত সংস্থা নয়, যা করার পুলিশকেই করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *