পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩৩ বছর বয়সী টিমোথি মট্টিন ফ্রান্সের মঁ ব্ল পার্বত্য এলাকার একটি হিমবাহ অঞ্চলে এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পান, একগুচ্ছ কাগজ পড়ে আছে।
একেবারে ভিজে গেছে কাগজগুলো। কী যেন মনে করে হাতে তুলে নিয়েছিলেন সেগুলো। তারপর বাড়ি ফিরে কাগজগুলো শুকনো করার কাজ শুরু করেন। সেগুলো শুকানোে পর দেখা যায় ভারতের এক ঐতিহাসিক দিনের খবরের কাগজ উদ্ধার করেছেন ১৩৫০ মিটার উচ্চতার এই রেস্টুরেন্ট মালিক।
যে কাগজের প্রথম পাতার শিরোনাম ছিল, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। সঙ্গে বিরাট করে ইন্দিরা গান্ধীর ছবি। ১৯৬৬ সালে সংবাদপত্রের কাগজ উদ্ধার হয়েছে ফ্রান্সের এই পার্বত্য অঞ্চল থেকে। ন্যাশনাল হেরাল্ড ও ইকোনমিক টাইমসের কয়েক ডজন কপি পাওয়া গেছে বরফ ঢাকা অঞ্চলে।
জানা গেছে, ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি ওই এলাকায় ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। ক্রুউ মেম্বারসহ একশ ৭৭ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার কাঞ্চনজঙ্ঘা নামক বোয়িং ৭০৭ বিমানটি।
জানা যায়, এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে ওই দুর্ঘটনা ঘটেছিল। মনে করা হচ্ছে, ওই বিমানেই খবরের কাগজগুলো ছিল। খবরের কাগজ প্রকাশের তারিখ ও দুর্ঘটনার তারিখের মধ্যেও মিল রয়েছে।
গার্ডিয়ান-সহ ইউরোপের একাধিক সংবাদমাধ্যমকে মট্টিন বলেছেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এই অঞ্চলে অনেক বিমান দুর্ঘটনা ঘটেছে। মাঝেমধ্যেই কিছু না কিছু পাওয়া যায়।
তার কথায়, অন্য জিনিস পাওয়াটা এক রকম। খবরের কাগজ উদ্ধার হওয়াটা বিরল ঘটনাই বটে। কাগজগুলো শুকিয়ে নেওয়ার পর স্পষ্ট করে পড়া যাচ্ছে।
বোসনস হিমাবাহ থেকে ৪৫ মিনিট হাঁটা দূরত্বে এই খবরের কাগজগুলো সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এর আগেও ওই অঞ্চলে উদ্ধার হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক স্ট্যাম্প ও ফাইল। ২০১২ সালে সেইসব জিনিস উদ্ধার হওয়ার পর মনে করা হয়েছিল, ১৯৬৬ সালের ও বিমান দুর্ঘটনার কারণেই সেগুলো সেখানে পড়েছিল।


