পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নেওয়ার পর থেকেই বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে জাতিসংঘ। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছে সংস্থাটি।
এবার নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায়ও যুক্ত হলো জাতিসংঘ। এ নিয়ে বাংলাদেশ সরকার ও সংস্থাটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ শনিবার (৯ অক্টোবর) সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং জাতিসংঘের পক্ষে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও চুক্তিতে সই করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

চুক্তি স্বাক্ষরের পর মো. মোহসীন বলেন, কক্সবাজারের মতো ভাসানচরেও বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রম পরিচালিত হবে। মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের খাদ্য ও পুষ্টি, চিকিৎসা, শিক্ষা এবং জীবিকায়নের ব্যবস্থা করবে জাতিসংঘ। এসব কার্যক্রমে তাদেরকে যথাযথ সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ সরকার।
ইউএনএইচসিআর-এর ঢাকা কার্যালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, বাংলাদেশ সরকারের উদারতার আরেকটি উদাহরণ এই সমঝোতা স্মারক। এর মাধ্যমে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী আরও সুন্দর জীবন উপহার পাবে বলে আশা করি আমরা। এ ব্যাপারে জাতিসংঘ তাদের সহায়তা চালু রাখার প্রত্যয় ব্যক্ত করছে।


