মঙ্গলবার সকালেই ইজতেমাস্থল ত্যাগের নির্দেশ

মঙ্গলবার সকালেই ইজতেমাস্থল ত্যাগের নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (১৫ জানুয়ারি) শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমা শুরু হবে। এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে ইজতেমা ময়দান পুলিশের কাছে বুঝিয়ে দিয়ে প্রথম পর্বের মুরুব্বী-মুসল্লিরা ইজতেমাস্থল ত্যাগ করার নির্দেশনার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোলরুমের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিপূর্বে ইজতেমা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয়পক্ষের মুরুব্বীদের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে প্রথম পর্বের ইজতেমার আয়োজকরা আমাদের কাছে ঠিকঠাক মাঠ বুঝিয়ে দিয়ে মুসুল্লিসহ চলে যাবেন। পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব। ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা এবং তা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

তিনি আরও বলেন, প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ইজতেমায় জরুরি পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদের তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ডাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

মাওলানা ওয়াসিফ বলেন, মঙ্গলবার আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেওয়ার কথা। বুধবার থেকে আমাদের তাবলিগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। এর আগেই পুরো মাঠ গুছিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *