পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সচিবালয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার (২৭ মে) সবধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ আজকের মধ্যে বাতিল না করলে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।
সোমবার (২৬ মে) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান বদিউল কবির ও নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ দিন সচিবালয়ে তৃতীয় দিনের মত বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরাম।
রোববার (২৫ মে) সন্ধ্যায় জারি হওয়া এ অধ্যাদেশকে অবৈধ কালোআইন আখ্যা দিয়ে আজকের মধ্যে এটি বাতিলের দাবি জানান তারা। দাবি না মানলে সচিবালয় অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মধ্যেই এই নির্দেশনা এলো।


