মসজিদ ও মাদ্রাসার বেহাত ওয়াক্ফ সম্পত্তি নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

মসজিদ ও মাদ্রাসার বেহাত ওয়াক্ফ সম্পত্তি নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের অনেক বড় বড় মসজিদ ও মাদ্রাসার ওয়াক্ফ সম্পত্তি আছে, এগুলো বেহাত হয়ে অন্যায়ভাবে ভোগ করছে অনেকে। এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাফ সাফ বলেছেন, ওয়াক্ফ প্রশাসনকে ঢেলে সাজানো হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের একটা কাঠামো আমরা পেয়েছি। একদিনে সব কিছু করা যায় না, সময় লাগে। এরই মধ্যে ওয়াক্ফ প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তিনি ওয়াক্ফ প্রশাসনকে ঢেলে সাজাবেন।’

ধর্ম উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অনেক বড় বড় মসজিদ ও মাদ্রাসার ওয়াক্ফ সম্পত্তি আছে, এগুলো বেহাত হয়ে অন্যায়ভাবে ভোগ করছে অনেকে। এ বিষয়ে মন্ত্রণালয় কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি?

এ প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘নির্দিষ্টভাবে যদি বলতে পারেন কোনও মসজিদ ও মাদ্রাসার ওয়াক্ফ সম্পত্তি কেউ ভোগ করছে, তাহলে আমাদের জন্য কাজ করা সহজ হবে। ওয়াক্ফ প্রশাসনে দুর্নীতি ও হয়রানির অভিযোগ পেয়েছি, এগুলো কমে যাবে, থাকবে না।

‘তরুণ আলেম অর্থনীতিবিদ মুফতি ইউসুফ সুলতান আমার সঙ্গে দেখা করে বলেছেন, দেশের কোথায় কোথায় ওয়াক্ফ সম্পত্তি বেহাত হয়ে গেছে, এর একটা তথ্য ওয়াক্ফ প্রশাসনকে দেবেন কোনো রকম পারিশ্রমিক ছাড়াই। ওয়াক্ফ বহু সম্পত্তি অনেকে হাইড করে রেখেছেন। একজনের দাদা ওয়াক্ফ সম্পত্তি দিয়েছেন, এখন নাতিরা এ সম্পত্তির দলিলপত্র লুকিয়ে রাখছেন। এগুলো বের করা কঠিন কাজ। তবে আশা করছি, বেশ কিছু মসজিদ ও মাদ্রাসা ওয়াক্ফ প্রশাসনের আওতায় নিয়ে আসতে পারবো।’

এর আগে, ইসলামিক ফাউন্ডেশন নিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনে চারটি প্রকাশনা বিভাগ। এগুলো থেকে যথারীতি বই প্রকাশ হচ্ছে না। এতে প্রকাশনার কাজ প্রায় স্থবির হয়ে আছে। ইসলামিক ফাউন্ডেশনে নতুন ডিজি নিয়োগ দেয়া হবে। যার মধ্যদিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম গতিশীল হবে।

Related Articles