পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মক্কার পবিত্র মসজিদুল হারামে জীবাণুনাশক রোবট উদ্বোধন করেছেন জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। মঙ্গলবার (২৭ অক্টোবর) করোনা সংক্রমণ রোধে কাবা প্রাঙ্গণে জীবাণুনাশক অত্যাধুনিক রোবট চালু করা হয়।
জীবাণুনাশক অত্যাধুনিক রোবটের সাহায্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। তা প্রতি ঘণ্টায় দুই হাজার বর্গফুটের বেশি পরিমাণ কাজ করবে। এছাড়াও তা ৬৪ লিটারের বেশি পরিমাণ পানি ধারণ করতে পারে।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে মুসল্লিদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় জেনারেল প্রেসিডেন্সি বিভাগ আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে। এছাড়াও পবিত্র দুই মসজিদে সব মুসল্লি, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে বলে জানান জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও ইমাম আবদুর রহমান আল সুদাইস।
গত ১৭ অক্টোবর করোনা বিষয়ক বিধি-নিষেধ ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি শিথিল করে সৌদি আরব। এ সময় মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিদের উপস্থিত হওয়ার অনুমোদন দেওয়া হয়। তবে পবিত্র দুই মসজিদে নামাজ আদায়, ওমরাহ পালন ও রওজা শরিফ জিয়ারতের অনুমোদনের জন্য মুসল্লিদের অবশ্যই করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে।
সূত্র : সৌদি গেজেট


