মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন ইরফান সেলিম

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন ইরফান সেলিম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকের মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকা-৭ আসের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম।

সোমবার (০১ মার্চ) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ইরফান সেলিমকে অব্যাহতি দেন।

গত ৫ জানুয়ারি ইরফানকে অব্যাহতির সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আর গত ১৮ ফেব্রুয়ারি অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে ওই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত।

গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান সিগন্যালের কাছে ‘সংসদ সদস্য’ লেখা স্টিকার সম্বলিত গাড়ি থেকে বের হয়ে নৌবাহিনীর কর্মকতা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খানকে মারধর করেন ইরফান সেলিমসহ তার সহযোগীরা। এরপর সেখানে লোকজন জড়ো হলে গাড়ি ফেলে আসামিরা পালিয়ে যান। পরে পুলিশ এসে ইরফান সেলিমের গাড়ি ও নৌবাহিনী কর্মকর্তার মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পরদিন ২৬ অক্টোবর ভোরে ধানমন্ডি থানায় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ ও ডেভেলপারস প্রতিষ্ঠানের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিবু ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের দিনই পুরান ঢাকার বড় কাটরায় হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে এক বছর কারাদণ্ড দেন। ইরফানের দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে দেন ছয় মাসের সাজা।সেই থেকে কারাগারেই রয়েছেন ইরফান সেলিম।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *