মার্কিন বিমান হামলায় আইএসের ২ নেতা নিহত

মার্কিন বিমান হামলায় আইএসের ২ নেতা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বিমান হামলা চালায়। সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হামলাটি করা হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, হামলায় নিহত দুইজন হলেন- আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি। আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার মধ্যে একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান ছিলেন। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারা-বিষয়ক কর্মকর্তা ছিলেন।

এই অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য আহত বা নিহত হয়নি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়নি।

বুধবার (৫ অক্টোবর) রাতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর পৃথক অভিযানে আইএসের এক অস্ত্র চোরাচালানকারী নিহত হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *