মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিহত ১০

মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, নিহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মালয়েশিয়ার মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ায় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে দেশটির লুমুত শহরে এই ঘটনা ঘটে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, নৌবাহিনীর কুচকাওয়াজে সামরিক মহড়া চলাকালীন আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়।সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে। একটি হেলিকপ্টারে সাতজন ক্রু ছিলেন এবং আরেকটিতে তিনজন। সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

নিহতদের শনাক্তের জন্য তাদেরকে লুমুত আর্মি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

এদিকে হেলিকপ্টার দুইটির সংঘর্ষের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নিহতদের পরিবারের প্রতি সংবেদনশীল হতে এবং তদন্তের খাতিরে ক্ষতিকর ভিডিও শেয়ার থেকে বিরত থাকতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে নৌবাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *