পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারকে মিথ্যাচার ও কটূক্তি বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপি’র উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
সরকারকে মিথ্যাচার ও কটূক্তি বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর পরমার্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন, যারা নিরপেক্ষ থাকবে ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন, নাহলে এই মানুষই আপনাদের ঘাড় ধরে নামাবে।
নিজ দলের সকলকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের ভুল-ত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না। এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।
বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, মাছের রাজা ইলিশ, আর বর্তমানে দেশের রাজা পুলিশ। বর্তমান পুলিশ এর নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুড়ি করে, অপহরণ করে মানুষকে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকার কে জয়ি করেছে পুলিশ। তাই দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাচাঁতে সকলকে ঐক্য হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য বলেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


