নিজস্ব প্রতিবেদক ● ৯ নভেম্বর থেকে আরো উন্নত পরিষেবা নিয়ে আসছে মৈত্রী এক্সপ্রেস। পাশাপাশি কলকাতা পৌঁছবে সর্বোচ্চ ৮ ঘণ্টায়। তাপানুকুল ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রীর কলকাতাগামী যাত্রীদেরও ইমিগ্রেশন, কাস্টমসসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ঢাকার ক্যানটমেন্ট স্টেশনেই সম্পন্ন হবে। আর ঢাকাগামী যাত্রীদের কাস্টমসসহ পরীক্ষা-নিরীক্ষা হবে কলকাতা (চিৎপুর) রেল স্টেশনে। বাংলাদেশ রেলওয়ের এডিজি হাবিবুর রহমান আমার বার্তাকে জানান, মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা আরো উন্নত হচ্ছে। সকল সুযোগসুবিধা থাকছে মৈত্রী এক্সপ্রেসে। মৈত্রীর যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারেন এব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালাবেন। হাবিবুর রহমান আরো বলেন আগে যেখানে কলকাতা-ঢাকা আর যাত্রাপথে সময় লাগতো ১০ থেকে ১১ ঘণ্টা।
এখন সেখানে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগবে। ইমিগ্রেশন ও কাস্টমসের পরীক্ষা-নিরীক্ষা যাত্রা স্টেশনেই সম্পন্ন হওয়ার কারণে সময় বাচার পাশাপাশি যাত্রীদেরও আর মাঝপথে নামতে হবে না। এতে সময় বেচে যাবে প্রায় ৩ ঘণ্টা। দীর্ঘদিন থেকেই যাত্রীদের তরফে এই ঝক্কি কমানোর দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৈত্রী এক্সপ্রেসই হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক ট্রেন, যেটি সরাসরি অন্য রাষ্ট্রে যায়।


