পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈমুর মুন্সি (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তার দুই বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১০ মার্চ) দুপুরে শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাঈমুর বাহাদুরপুর এলাকার হাজীকান্দির তৈয়ব আলী মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে শিবচর উপজেলায় ব্যক্তিগত কাজ শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাঈমুর। শিবচর-ঠেঙ্গামারা আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন নাঈমুর ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নাঈমুরকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্য দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেন।


