পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মুসলিমদের প্রথম কবরস্থান ও সাংস্কৃতিক কেন্দ্র চালু হয়েছে। সোমবার (৭ জুন) রাজধানী ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরিনো ডোমাগোসো ও মুসলিম অ্যাফেয়ার্স প্রধান দির শে সাকালুরান মোহাম্মদ তা উদ্বোধন করেন।
ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো ডোমাগোসো বলেন, প্রায় ২৪০০ স্কয়ারফিটের প্রথম এ কবরস্থান ম্যানিলা শহরের মুসলিমদের স্মরণে উৎসর্গ করা হয়। এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে মুসলিমদের প্রচেষ্টার অন্যতম প্রতীক হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরও বলেন, ‘আজকের দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আজকে আমরা তাদের স্মরণ করছি।’
প্রসঙ্গত, ম্যানিলা শহরে মুসলিম পরিবারের সদস্যদের কেউ মারা গেল দাফনের জন্য অনেক ভোগান্তিতে পড়তে হতো। মৃতদের দাফন করতে অন্য কোনো জেলায় নিয়ে যেতে হয়। এমনকি পাশের মিন্দানাও প্রদেশে বা অন্য কোনো প্রদেশে নিয়ে যেতে হতো। দীর্ঘকাল পর ম্যানিলায় প্রথম কবরস্থান হওয়ায় আনন্দিত শহরের মুসলিম অধিবাসীরা।


