পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহে র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি রিভলভার, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি।


