যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে গাড়িচালক নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে গাড়িচালক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পুলিশের গুলিতে এক গাড়িচালক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ব্রুকলিনের বেল্ট পার্কওয়ে মহাসড়কের পূর্ব দিকে এই ঘটনা ঘটে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) একজন হাইওয়ে পুলিশ কর্মকর্তা নগরীর ব্রুকলিনের বেল্ট পার্কওয়ে মহাসড়কে দায়িত্বপালন করছিলেন। এসময় ৬৫ বছর বয়সী সশস্ত্র এক ব্যক্তি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়।

পরে ওই নারী পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেন। নিহত ব্যক্তি কোনো পাল্টা গুলি করেছিলেন কি না, সেটি এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী একজন গাড়িচালক জীপ থেকে বেরিয়ে এসে বন্দুক নিয়ে পুলিশ অফিসারদের দিকে এগিয়ে যান। পুলিশ কর্মকর্তারা তাকে বন্দুক ফেলে দিতে বলার পরও ওই গাড়িচালক সামনে অগ্রসর হতে থাকে। তখন বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে এবং এতে তিনি নিহত হন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশের করা গুলি সন্দেহভাজন ওই গাড়িচালকের পায়ে লেগেছিল এবং তার আঘাত জীবনের জন্য হুমকিস্বরূপ ছিল না। তবে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ইতোপূর্বে সাতবার গ্রেফতার হয়েছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান রডনি হ্যারিসন বলেন, `নিহত ওই ব্যক্তি একটি এসইউভি থেকে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে আসেন এবং পুলিশের দিকে এগিয়ে যান। এসময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তাকে মৌখিকভাবে বেশ কয়েকবার সতর্ক করেন এবং অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেন।’

`কিন্তু ওই ব্যক্তি সামনে এগোতেই থাকেন। ফলে কর্মকর্তারা গুলি চালাতে বাধ্য হন। মূলত হুমকি মোকাবিলায় যা করার ছিল আমরা তা করেছি।’

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর বেল্ট পার্কওয়ে মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়। পরে একইদিন সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কটি আবার খুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *