রাজধানীতে জেএমবির দুই সদস্য গ্রেফতার

রাজধানীতে জেএমবির দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ● রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈঠকের প্রস্তুতিকালে জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গত শনিবার দিনগত রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বধ্যভূমি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি  জানানো হয়। গ্রেফতার দুজন হলেন সোহেব শেখ ওরফে সোয়াইব (৩১) ও রফিকুল ইসলাম ওরফে রফিক (৩০)। দুজনই গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং -৪০) এজাহারভুক্ত আসামি। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি চাপাতি জব্দ করা হয়। দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব ২-এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ২০১৬ সালে জেএমবি নেতা ইয়াছিন এবং সিফাত গ্রেফতার হওয়ার পর তাদের স্থলাভিষিক্ত হন সোয়াইব। তার নেতৃত্বে জেএমবির একটি গ্রুপ এলাকাভিক্তিক ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সদস্য ও অর্থ সংগ্রহ এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা পীর, মাজার ও ইসলাম পরিপন্থী বক্তাদের হত্যার পরিকল্পনা এবং বোমা তৈরির প্রক্রিয়ায় একে-অপরের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতো।

আর রফিকুল জেএমবির উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশনা অনুযায়ী সদস্য ও অর্থ সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। সিনিয়র এএসপি রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ীই গাজীপুর এলাকা থেকে গত ২৩ জুন দুজন এবং ৩০ জুন আরও দুজনকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ওই গ্রুপের সোয়াইব ও রফিকুলকে গত শনিবার গ্রেফতার করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *