রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালে আবারও মৃত্যু বাড়ল।

বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এ ছাড়া জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মৃত ২২ জনের মধ্যে রাজশাহী জেলার ১০ জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন ও পাবনা জেলার চারজন মারা গেছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা মোট ৫১৩টি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৩৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২১০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৬ জন। করোনা নেগেটিভ হওয়ার পরও অসুস্থ হয়ে ভর্তি আছেন ৫৮ জন। ২৪ ঘণ্টায় নতুনভাবে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *