পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল ৩০ জুন সকাল ৯টা থেকে আজ ১ জুলাই সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা গেছেন। এ নিয়ে গত ৩০ দিনে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৭৭-এ।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় ২২ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ১৪, চাঁপাইনবাবগঞ্জ ১, নাটোর ১, নওগাঁ ৫ জন এবং ঝিনাইদহের ১ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, নিহত ২২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৫ জন। বাকি ১৭ জন ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, করোনাভাইরাস দমনে দেশব্যাপী শুরু হয়ে গেছে ‘সর্বাত্মক লকডাউন’। বন্ধ আছে সকল প্রকার সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, শপিংমল এবং যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশ-বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও। ডিএমপি জানিয়েছে, এই সময়ের মধ্যে ‘অকারণে’ ঘরের বাইরে বেরুলেই গ্রেপ্তার করা হবে।


