‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলে বিএনপি’

‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলে বিএনপি’

পাথেয় রিপোর্ট : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যে সুরে কথা বলছে বিএনপিও সেই সুরে কথা বলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘মিয়ানমার প্রথম থেকে আজ পর্যন্ত যে উস্কানি দিয়ে যাচ্ছে, সেই একই সুরে কথা বলছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করছে। আর বিএনপি মিয়ানমারের সুরে কথা বলছে। যাতে রোহিঙ্গাদের ফেরত নিতে না হয়, নাগরিকত্ব দিতে না হয় সে জন্য মিয়ানমার যে সুরে কথা বলছে বিএনপিও সেই সুরে কথা বলছে।

তিনি বলেন, আমরা কূটনীতিতে পিছিয়ে নেই। মিয়ানমারের উপর আগের চেয়ে চাপ অনেক বেড়েছে যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়। প্রথম তো তারা নিতেই চায়নি। তাদের মনে যাই থাক এখন প্রকাশ্যে ফিরিয়ে নিতে চাচ্ছে। এটাও আমাদের সফলতা।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘একটি দলের মহাসচিব গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, বলে চিৎকার করছে। বেপরোয়া চালকের মত এরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের স্বরূপ উন্মোচিত হওয়ায় এরা বেপরোয়া হয়ে উঠেছে। মিথ্যার বেসাতি করছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা এখন প্রমাণিত। প্রচলিত আদালতে প্রমাণ হয়েছে, জনতার আদালতে প্রমাণ হচ্ছে। এরা অপরাধের শৃঙ্খলে বন্দি হয়ে যা খুশি তাই বলছে।’

বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা হয়েছিলো, দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিলো। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধের ব্যবস্থা করা হয়েছিলো। এখানেই তো আপনাদের সংশ্লিষ্টতা প্রমাণ হয়। ৭৫ এর ১৫ আগস্টের মাস্টার মাই- জেনারেল জিয়াউর রহমান। আর ২১ আগস্টের মাস্টার মাই- জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। ১৫ আগস্টের প্রাইম টার্গেট বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট শেখ হাসিনা। আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে নিজেদের সংকট নিজেরাই তৈরি করে তারা নিজেরাই সংকুচিত হচ্ছে। নিজের দলে গণতন্ত্র নেই বলে তারা আজ গণতন্ত্রের সংকট দেখছে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনও ষড়যন্ত্র চলছে। আগামীতে আরও কঠিন চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। চলার পথ সহজ নয়। অনেক চক্রান্ত আছে। সাম্প্রদায়িক শক্তি ও তাদের সহযোগী বিএনপিকে আমাদের প্রতিহত করতে হবে। কঠিন চ্যালেঞ্জ প্রতিরোধ করতে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী জামায়াত ও তাদের লালন-পালনকারী বিএনপি যাতে বিরোধী দলে না আসতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা বিরোধী দল চাই। কিন্তু স্বাধীনতার পক্ষের বিরোধী দল চাই।’

কৃষিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে কোনো পেশার চেয়ে কৃষিবিদরা বঙ্গবন্ধুর আদর্শ বেশী ধারণ করে। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশ গড়তে হবে।’

বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাবেক মহাসচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেলিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *