পাথেয় রিপোর্ট : রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে ফেরত দিতে হবে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠি রোহিঙ্গাদের নিজগৃহে নিরাপদ সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে। এজন্য সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ও বহুমাত্রিক উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ফৌজদারী আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার ধারার সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।
শনিবার (৩১ আগস্ট) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হুসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ বলেন, রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ‘আর বসিয়ে খাওয়াতে পারবেনা’ বলে যে বক্তব্য দিয়েছেন তা মর্মান্তিক অমানবিক ও দুঃখজনক। বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের এই মানবিক অবস্থান সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকার জন্যই এমন অমানবিক বক্তব্য দিয়েছেন।


