লঞ্চ ধর্মঘটও প্রত্যাহার, ৩৫ শতাংশ ভাড়া বৃদ্ধি

লঞ্চ ধর্মঘটও প্রত্যাহার, ৩৫ শতাংশ ভাড়া বৃদ্ধি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার লঞ্চ ধর্মঘটও প্রত্যাহার করলো মালিকরা। তবে এখন থেকে ৩৫ দশমিক ২৯ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে লঞ্চে প্রতি কিলোমিটার ৬০ পয়সা বেড়েছে ভাড়া।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বর্তমানে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বিকেল ৩টা ৫০ মিনিটে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *