পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লাইবেরিয়ার একটি মাদরাসায় আগুন লেগে অন্তত ২৭ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে পশ্চিম আফ্রিকার দেশটির রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভেল সিটিতে অবস্থিত মাদরাসাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়ার টুইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) পুলিশের মুখপাত্র মোজেস কার্টার জানান, মাদরাসাটির শিশু শিক্ষার্থীরা কোরান মুখস্ত করার সময় আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।
টুইটে প্রেসিডেন্ট উইয়া লেখেন, ‘গতরাতে পেইন্সভেল সিটিতে যে শিশুরা মারা গেছে আমার প্রার্থনা তাদের পরিবারের জন্য। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়।’
লাইবেরিয়ার বড় শহরগুলোতে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিজনিত কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ভবন ধসে পড়ার মতো ঘটনাও ঘটলেও এত মৃত্যুর ঘটনা বিরল।


