পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এর আগে বেশ কয়েকবার গেলেও আবারও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যেতে চায় সংসদীয় কমিটি। এব্যাপারে মন্ত্রণালয় ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। সুবিধাজনক মিশন এলাকা, সময় ও ব্যাপ্তি নির্বাচন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের পর এই পরিদর্শনের আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।
জানা গেছে, সংসদীয় কমিটির আগের বৈঠকে নিকটতম সুবিধাজনক সময়ে শান্তিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করা হয়। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। বৃহস্পতিবারের (২৩ ডিসেম্বর) বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে ওই সুপারিশের অগ্রগতি তুলে ধরা হয়।
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে উল্লেখ করে এতে বলা হয়- গত ২১ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ পরবর্তী ধার্যকৃত তারিখে একজন উপযুক্ত প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছে। সেই অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ প্রস্তুতি গ্রহণ করছে। স্থায়ী কমিটির পরিদর্শনের জন্য সুবিধাজনক মিশন এলাকা, সময় ও ব্যাপ্তি নির্বাচন করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সংসদীয় কমিটি ইতোপূর্বে ২০১৭ সালে লেবানন ও কুয়েত এবং ২০১৯ সালে ডিআর কঙ্গো পরিদর্শন করেছে বলেও ওই অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই তিনটি মিশন পরিদর্শনের আগেও সংসদীয় কমিটির সদস্যরা অন্য শান্তিরক্ষা মিশন পরিদর্শনে গেছেন। কমিটির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে ২০১৫ সালে আইভরি কোস্ট (ইউনোসি) এবং ডিআর কঙ্গো (মোনুসকো) এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেন।


